আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন উপলক্ষে চট্টগ্রামের আকবর শাহ থানায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে মাদকবিরোধী সমাবেশেও অংশ নিয়েছেন থানার কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উত্তর কাট্টলী বড় কালীবাড়ী সংলগ্ন জোনাকী কমিউনিটি সেন্টারে আকবর শাহ থানা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আকবর শাহ থানার ওসি মো. কামরুজ্জামান, থানা পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া থানার আওতাধীন ১৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় অংশ নেন।
এদিকে একই দিন বিকেল সাড়ে ৪টায় লতিফপুর রহমান বাড়ী যুব সমাজের উদ্যোগে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে আকবর শাহ থানার ওসি তদন্ত সৈয়দ ওমরসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।













