এশিয়ান গেমসের সবচেয়ে আকষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টের লড়াইয়ে টিকে আছেন বাংলাদেশের ইমরানুর রহমান। মর্যাদাপূর্ণ এই ইভেন্টের সেমিফাইনালে উঠছেন বাংলাদেশের এই দ্রুততম মানব। নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার পাঁচ নম্বর হিটে দৌড়ান তিনি। ১০ দশমিক ৪৯ সেকেন্ডে দৌড় শেষ করে নিজের হিটে চতুর্থ হন তিনি। অথচ নিজের হিটে টাইমিংয়ে একটু এগিয়ে থাকলেই হিট সরাসরি পেরুতে পারতেন তিনি। পাঁচ নম্বর হিট থেকে তৃতীয় হয়ে পরের ধাপে যাওয়া প্রতিযোগীর চেয়ে তার ব্যবধান ছিল মাত্র দশমিক ৩২ সেকেন্ডের! তখনও বাকি ছিল ষষ্ঠ হিটের। টাইমিং ভালো হওয়ায় সব হিট মিলিয়ে পরের ধাপে যাওয়া ২৪ প্রতিযোগীর একজন হওয়ার সুযোগ ছিল ইমরানুরের সামনে। সেটিই কাজে লাগান তিনি। সব হিট মিলিয়ে সেমি–ফাইনালে ওঠা ২৪ প্রতিযোগীর মধ্যে ২২তম হয়ে পরের ধাপে গেছেন ইংল্যান্ড প্রবাসী এই অ্যাথলেট।
এই হিটে মালয়েশিয়ার মোহাম্মদ ১০.১৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। তারপরের দুই অবস্থানে আছেন যথাক্রমে সিঙ্গাপুরের লুইস (১০.৩৩) এবং চাইনিজ তাইপের ইয়াং (১০.৩৮)। থাইল্যান্ডের স্প্রিন্টার পুরিপল বুনসন সবচেয়ে কম ৯.৯৫ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন। ইমরানের ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। আর মৌসুমের সেরা ১০.২৪ সেকেন্ড। এর কোনোটিই করতে পারেননি। আজ ১০০ মিটারের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।













