জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের একটি দাবিও দল বা জোটের জন্য নয়, প্রতিটি দাবি আঠারো কোটি জনগণের জন্য। প্রতিটি মানুষ জুলুমের শিকার। তাদের কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। গতকাল সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চ উপলক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী চারমাথা মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। খবর বাংলানিউজের।
জামায়াত আমির বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে আমরা লংমার্চে নামতাম না। দেশে চাঁদাবাজি বন্ধ হলে আমরা লংমার্চে নামতাম না। দেশ থেকে দুর্নীতি বিদায় নিলে আমরা লংমার্চ করতাম না। আমার মা–বোনেরা চুলা জ্বালানোর জন্য যদি গ্যাস পেতো তাহলে আমরা লংমার্চ করতাম না। ঘরে ঘরে যদি বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন হতো তাহলে আমরা লংমার্চ করতাম না। আমার কৃষক ভাইয়েরা যদি ন্যায্য মূল্যে পর্যাপ্ত সারবে তো তাহলে আমরা লংমার্চ করতাম না। যদি মানুষ ঘরে–বাইরে নিরাপত্তা পেতো আমরা লংমার্চ করতাম না।
তিনি বলেন, জনগণ এসব জুলুম আর সহ্য করতে পারছে না। তাদের পক্ষে এই দাবি গুলো আদায়ের জন্য আমাদের লংমার্চ। সরকার আট দাবি না মানলে কাল নয় দফা, এরপর যুক্ত হতে পারো দশ দফা আমরা জানি না, কিন্তু শেষ পর্যন্ত সবদফা একদফায় পরিণত হবে।
সেই একদফা দাবি আদায়ে সবাইকে প্রস্তুত থাকার জিজ্ঞাসায় তিনি বলেন, আমরা সরকারকে সময় দিচ্ছি, শুভ বুদ্ধির উদয় হোক।












