মিরপুরের দুই জায়গায় প্রায় একই সময়ে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার পর বাড্ডায় একটি স্টাফ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে। অন্যদিকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর বিডিনিউজের।
সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর ১১ নম্বরে জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে তারা ধারণা করছেন। পরবর্তী তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য ফায়ার সার্ভিসকে জানানো হয়নি।
এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন লাগে। তবে মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেছেন, বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে। বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে এ বাসে আগুন লাগার কোনো তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই। মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পোড়েনি। এ বিষয়ে আমরা কাজ করছি।
মিরপুরের দুটি জায়গায় বাসে আগুনের পর বাড্ডা ইউ লুপের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। রাত ৮টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন বাড্ডা থানার এসআই হাসানুর। তিনি বলেন, এটি একটি স্টাফ বাস ছিল। কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে।
এদিকে মিরপুর ও বাড্ডার পর শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন লেগেছে। থানার ডিউটি অফিসার এসআই কাজী হাফিজ জানিয়েছেন, পিকআপটি থানার জব্দ করা ছিল, থানার বাইরে রাখা ছিল।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পরিদর্শক আজগর আলী বলেন, কে বা কারা জব্দ করা একটি পিকআপে আগুন দিয়েছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, খবর পেয়ে তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।













