সৈকতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার

| শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:৩০ পূর্বাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় পানিতে পড়া বল আনতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল শুক্রবার সন্ধ্যায় সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মধ্যবর্তী গ্রিন নেচার হোটেলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন। নিহত পর্যটকের নাম মো. সীমান্ত। তিনি কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা।

সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকায় কয়েকজন পর্যটক ফুটবল খেলছিলেন। এ সময় বল সমুদ্রে পড়ে গেলে সেটি আনতে গিয়ে কয়েকজন পানিতে নামেন। এক পর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যেতে থাকেন। এর মধ্যে দুজনকে লাইফ গার্ড ও বিচ কর্মীরা জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে সীমান্ত পানিতে তলিয়ে নিখোঁজ হন। সীমান্ত গত বুধবার বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন। তারা শহরের কলাতলী এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচ রিসোর্টে অবস্থান করছিলেন। খবর বিডিনিউজের।

সৈকতে কর্মরত ‘সি সেইফ লাইফগার্ডের’ জ্যেষ্ঠ কর্মী মো. ওসমান বলেন, ঘটনাটি সন্ধ্যা সাড়ে ৬টার পরের দিকে ঘটে। ওই সময় সৈকতে নিয়মিত লাইফগার্ড সেবা বন্ধ হয়ে গিয়েছিল। ওসমান বলেন, সূর্য ডুবলেই আমরা চলে আসি। এখন তো খুব দ্রুত সূর্য ডুবতেছে। তবে পরিস্থিতির ওপর অনেক সময় ৬টা ৩০ মিনিট বা ৭টা পর্যন্তও আসতে হয়। এর মধ্যে সন্ধ্যায় খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় সরকারি করা হবে : এমপি এনাম
পরবর্তী নিবন্ধচুয়েট ক্যাম্পাসসহ রাউজানে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ