এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৫৪ পূর্বাহ্ণ

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। চীনের বিপক্ষে বাংলাদেশের জয়টি প্রত্যাশিতই ছিল। কিন্তু সেই জয়টি এলো না খেলেই। জাপানের আইচিতে মাঠ ভেজা থাকায় ম্যাচটি শুরুই হতে পারেনি। করোগি স্পোর্টস পার্কে গতকাল বৃহস্পতিবার ম্যাচটির যখন হওয়ার কথা, তখন বৃষ্টি ছিল না। বরং ঝলমলে রোদই ছিল। কিন্তু আগের বৃষ্টিতেই মাঠ ছিল ভেজা। ক্রিকেট বিশ্বের নিয়মিত ভেন্যুগুলোর মতো পানি নিষ্কাশন ব্যবস্থা নেই এই মাঠে। ম্যাচে তাই টসও হতে পারেনি। র‌্যাঙ্কিং ধরেই তাই পরবর্তী ধাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। আইসিসি উইমেন’স টিটোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন দশম, চীন আছে ৩৬ নম্বরে। সেমিফাইনালে অবশ্য কঠিন পরীক্ষা অপেক্ষায় নিগার সুলতানা জ্যোতির দলের। ভারত ও জাপানের লড়াইয়ে জয়ী দলের বিপক্ষে লড়তে হবে তাদেরকে। খেলা হোক বা না হোক, ভারতের জয় সেখানে নিশ্চিতই। সোনার পদকের লড়াইয়ে পৌঁছতে হলে সদ্য এশিয়া কাপজয়ী দলের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে। একই মাঠে সেমিফাইনাল ম্যাচটি হবে আগামী রোববার।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধটানা দ্বিতীয় জয়ে ফাইনালের কাছাকাছি ইস্পাহানি কর্ণফুলি