মীরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে শহরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী রওশন আরা রত্না। তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে আরিফের চোখে অপারেশন করা হয়। বৃহস্পতিবার তার চোখের ড্রেসিংসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার কথা ছিল। গত চার মাসে তার চোখের রেটিনায় তিনটি অপারেশন হয়েছে বলেও জানান তিনি। তবে কী মামলায় বা কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
নগরীর হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মন্ডল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, আরিফ নামে একজনকে আটকের বিষয় তিনি শুনেছেন। হালিশহর থানায় সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।













