ফেসবুকে ভিডিও প্রকাশের বিরোধ থেকে খুন, গ্রেপ্তার ১২

সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

সাতকানিয়ার পুরানগড়ে সরকারি গাছ কেটে ফেলার ভিডিও প্রকাশ সংক্রান্ত বিরোধের জেরে তালিকাভুক্ত সন্ত্রাসী পিচ্চি জাহিদ খুন হয় বলে জানিয়েছে জেলা পুলিশ। গতকাল নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য জানান।

এ ঘটনায় মামলার এজহারনামীয় ১০ আসামিসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. আজাদ হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তারকৃত বাকীরা হলেন জসিম উদ্দিন, জয়নাল আবেদীন মানিক, মো. রিদুয়ান, মো. টিপু, আবু মাজহারুল ইসলাম ইফাজ, আব্দুল্লাহ আল তুষার, খোরশেদ আলম ওরফে ফারুক, মো. রবিউল হোসেন, আবুল কাশেম, হাবিবুর ইসলাম ওরফে হাবিব ও মো. হেলাল। পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় গত রোববার নগরীর পাহাড়তলী এলাকা থেকে আজাদ ও হেলালকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত মঙ্গলবার পর্যন্ত ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাকী ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

গত ৩০ অগাস্ট রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাজালিয়াশীলঘাটা সড়কের ভাঙ্গারগোড়া এলাকায় জাহেদুল আলম প্রকাশ পিচ্চি জাহিদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার মা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার মানিক পুরানগড় ইউনিয়ন পরিষদ এলাকার কিছু সরকারি গাছ কাটার ভিডিও প্রকাশ করে পিচ্চি জাহিদকে অভিযুক্ত করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে পিচ্চি জাহিদ ক্ষুব্ধ হয়ে ঘটনার দিন রাত ৮টার দিকে নতুনহাট বাজার এলাকায় গিয়ে মানিক ও তার বন্ধুবান্ধবদের হুমকি দেয়। মূলত এর জেরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। হত্যাকারীরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে এবং ভ্যান গাড়ি দিয়ে পিচ্চি জাহিদের মোটর সাইকেলের গতিরোধ করে তাকে কুপিয়ে ও মারধর করে গুরুতর জখম করেছিল। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধমর্টার তৈরির প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে চুয়েটের ‘টিম চুয়েট সি’
পরবর্তী নিবন্ধএকাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ