বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল করল মুডি’স

| বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের ঋণমান ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করেছে আন্তর্জাতিক ঋণমাণ নির্ণয়কারী প্রতিষ্ঠান মুডি’স। রাজনৈতিক ঝুঁকি কমে আসায় এবং বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ সন্তোষজনক অবস্থানে পৌঁছায় বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে এমন মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ঋণমাণ প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার প্রকাশিত মুডি’স বাংলাদেশের দীর্ঘমেয়াদী ‘ইস্যুয়ার’ এবং ‘সিনিয়র আনসিকিউরড’ রেটিংকে ‘বি২’ এবং স্বল্পমেয়াদী ইস্যুয়ার রেটিং নট প্রাইম ‘এ’ অপরিবর্তিত রেখেছে। এর মানে হচ্ছেবাংলাদেশের রেটিং এখনও বি২; অর্থাৎ রেটিংয়ের মান পরিবর্তন হয়নি। তবে আগে যেখানে অবনতির ঝুঁকি বেশি মনে করা হচ্ছিল (নেতিবাচক), এখন ঋণমান প্রতিষ্ঠানটি মনে করছে পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীলতার দিকে যাচ্ছে। খবর বিডিনিউজের।

এদিকে বাংলাদেশ ব্যাংক মুডি’সের সবশেষ মূল্যায়নকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির বিবেচনায় ‘অত্যন্ত ইতিবাচক’ হিসেবে তুলে ধরেছে। কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই মূল্যায়নের ফলে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। মূডি’স রেটিংসের এই ইতিবাচক মূল্যায়ন সার্বভৌম ঋণমান উন্নয়নে এবং বৈশ্বিক অঙ্গনে দেশের অর্থনৈতিক ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এর আগে গত ২৮ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’ করেছিল আরেক আন্তর্জাতিক ঋণমান কোম্পানি এসঅ্যান্ডপি গ্লোবাল।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ৯০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তী নিবন্ধঅক্টোবরে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা