কক্সবাজারের চকরিয়ায় তিন দিন ধরে নিখোঁজ রয়েছে একই বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়া দুই বান্ধবী। বিদ্যালয়ে যাওয়ার পর ছুটি শেষে তারা আর বাড়ি ফেরেনি। এই অবস্থায় দুই শিক্ষার্থীর পরিবারে দেখা দিয়েছে উদ্বেগ–উৎকণ্ঠা। এ ঘটনা গত রোববারের।
দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ–খবর নেওয়া হলেও তাদের হদিস পায়নি দুই পরিবার। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা বলেন, গত রোববার সকালে আমার মেয়ে ও তার বান্ধবী একসাথে বিদ্যালয়ে যায়। কিন্তু ক্লাস শেষে ছুটির পর তারা আর বাড়ি ফিরে আসেনি। এরপর থেকে আত্মীয়–স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ–খবর নেওয়া হলেও তাদের হদিস পাওয়া যায়নি। তাদের কাছে থাকা মোবাইল ফোনও বন্ধ রয়েছে। তিনি জানান, দুই বান্ধবীর খোঁজ না পাওয়ায় মঙ্গলবার চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদের ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে জানাতে অনুরোধ জানিয়েছে দুই শিক্ষার্থীর পরিবার।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ তদন্ত শুরু করেছে।












