আমরা মানুষ সামাজিক জীব। পরিবার, সমাজ, প্রতিষ্ঠান কিংবা কোনো সংগঠন সবকিছুই পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ ও অংশগ্রহণের ওপর নির্ভরশীল। তবে বাস্তব জীবনে প্রায়ই এমন একটি মানসিকতা দেখা যায়, যেখানে কোনো কাজ বা দায়িত্ব সামনে এলে অনেকেই নিজের দায়িত্বের দিকে না তাকিয়ে অন্য কারও দিকে তাকিয়ে থাকেন। মনে মনে ভাবেন, ‘কেউ একজন নিশ্চয়ই কাজটি করে দেবেন।’ আর এভাবেই অনেক গুরুত্বপূর্ণ কাজ সময়মতো সম্পন্ন হয় না। এই বাস্তবতাকে সহজভাবে তুলে ধরতে একটি ছোট গল্প দীর্ঘদিন ধরে প্রচলিত। গল্পের চার চরিত্র ‘সবাই’, ‘কেউ একজন’, ‘যে কেউ’ এবং ‘কেউই নয়’। নামগুলো কাল্পনিক হলেও এর মাধ্যমে মানুষের চার ধরনের মানসিকতা তুলে ধরা হয়। গল্প অনুযায়ী, একটি প্রতিষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ কাজ করার প্রয়োজন দেখা দিল। কাজটি জরুরি হলেও দায়িত্বটি নির্দিষ্ট করে কেউ নিলেন না।
‘সবাই’ ভাবলেন, কাজটি গুরুত্বপূর্ণ; নিশ্চয়ই ‘কেউ একজন’ এটি করে দেবেন। ‘কেউ একজন’ ভাবলেন, কাজটি করা প্রয়োজন, তবে ‘যে কেউ’ তো এটি করতে পারেন। ‘যে কেউ’ ভাবলেন, তিনি করলে ভালো হয়, কিন্তু হয়তো অন্য কেউ তাঁর আগেই কাজটি করে ফেলবেন। আর ‘কেউই নয়’ মনে করলেন, এটি তাঁর দায়িত্ব নয়। এভাবেই একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকলেন। সময় চলে গেল, কিন্তু কাজটি আর সম্পন্ন হলো না। শেষ পর্যন্ত যখন সবাই বুঝতে পারলেন যে কাজটি কেউই করেননি, তখন শুরু হলো দোষারোপ। ‘সবাই’ বললেন, ‘কেউ একজনের কাজটি করা উচিত ছিল।’ ‘কেউ একজন’ বললেন, ‘যে কেউ তো কাজটি করতে পারতেন।’ ‘যে কেউ’ বললেন, ‘তিনি ভেবেছিলেন অন্য কেউ কাজটি করবেন।’ আর ‘কেউই নয়’ রয়ে গেলেন নীরব। গল্পটি ছোট হলেও এর শিক্ষা বাস্তব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার থেকে সমাজ সব ক্ষেত্রেই একই চিত্র পরিবারের ক্ষেত্রেও এমন পরিস্থিতি দেখা যায়।
প্রশ্ন হওয়া উচিত ‘কে করবে?’ নয়, ‘আমি কী করতে পারি?’
দায়িত্ব এড়িয়ে যাওয়ার এই মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য চিন্তার পরিবর্তন প্রয়োজন। কোনো কাজ সামনে এলে ‘কে করবে?’ এই প্রশ্নের পরিবর্তে প্রশ্ন হওয়া উচিত ‘আমি কী করতে পারি?’ অন্য কেউ এগিয়ে আসবেন এই অপেক্ষা না করে প্রত্যেকের নিজের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব নেওয়া প্রয়োজন। একজন মানুষ হয়তো একা একটি বড় সমস্যার সমাধান করতে পারবেন না। কিন্তু সমস্যার সমাধানে নিজের সামান্য ভূমিকা রাখার সুযোগ থাকলে সেটুকু দায়িত্ব পালন করাও গুরুত্বপূর্ণ। কারণ বড় পরিবর্তন সবসময় বড় কোনো উদ্যোগ দিয়ে শুরু হয় না। কখনো একটি ফোন, একটি ভালো কথা, একটি সহযোগিতার হাত, একটি সৎ পরামর্শ কিংবা বিপদের সময় কারও পাশে দাঁড়ানোও একজন মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
এই চক্র থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হতে পারে একটি সহজ সিদ্ধান্ত্ত‘অন্য কেউ কেন করবে? প্রয়োজন যখন আছে, আমি–ই শুরু করি। হয়তো একজনের এই ছোট্ট উদ্যোগই অন্য একজনের অনুপ্রেরণা হবে। আর সেই অনুপ্রেরণা থেকেই শুরু হতে পারে আরও বড় কোনো পরিবর্তন। তাই অপেক্ষা নয় উদ্যোগ প্রয়োজন। দায়িত্ব এড়িয়ে যাওয়া নয় দায়িত্ব নেওয়া প্রয়োজন।‘কেউ করবে’ নয়, আজ থেকেই বলা প্রয়োজন ‘আমি করব।’
লেখক : প্রাবন্ধিক












