মৃত্যুর তথ্য তদন্ত করে দেখা হবে : বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ মেডিকেলে আগুন

| মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর কয়েকজনের মৃত্যুর তথ্য প্রচারের বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। গতকাল সোমবার মধ্যরাতের দিকে হাসপাতালে তিনি সাংবাদিকদের বলেন, হাসপাতালে পদদলিত হয়ে কেউ মারা গেছেনএমন প্রমাণ তিনি এখনও পর্যন্ত পাননি। এ ধরনের কোনো প্রমাণ পেলে তিনি সেটা যাচাই করে দেখবেন। খবর বিডিনিউজের।

অগ্নিকাণ্ডের বেশ কিছু সময় পর বিভিন্ন সংবাদমাধ্যম ও টেলিভিশনে ছয়জনের মৃত্যুর তথ্য প্রচার করছেসাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, ‘কোনো তথ্য নিশ্চিত না হয়ে বলা উচিত নয়। প্রকাশ করলে তাতে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে।’ এ সময় তিনি জানান, হাসপাতালে জরুরি বিভাগ, মর্গের তথ্য ছাড়াও তার কাছে আরও একটি তালিকা রয়েছে। সবগুলো যাচাইবাছাই শেষ প্রকৃত পরিস্থিতি বলা যাবে। বিভাগীয় কমিশনার বলেন, বিষয়টি নিয়ে মঙ্গলবার (আজ) একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তারা সব বিষয় দেখবে।

গতকাল রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান সাংবাদিকদের বলেন, তিনি ছয়জনের মৃত্যুর কথা শোনেছেন। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় লিফটের নিয়ন্ত্রণ কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করে এবং ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। এ সময় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজন। তবে তাৎক্ষণিক তাদের নামপরিচয় পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধ‘আমার মেয়েটা যেন বেঁচে থাকে’
পরবর্তী নিবন্ধঢাকায় চাকরিচ্যুত ও গ্রাহক ফোরাম সদস্যদের মারামারি, আহত ২০