চন্দনাইশে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৫৪ অপরাহ্ণ

চন্দনাইশে পরকিয়ায় বাধা দেয়ায় ২ সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। নিহতের নাম মিনহাজ খাতুন (২৪)।

১২ সেপ্টেম্বর (শনিবার) রাতে দোহাজারী পৌরসভার হাছনদন্ডি নাসির মাস্টার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ আজ ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনা পুলিশ ঘাতক স্বামী জাহেদুল ইসলামকে আটক করেছে।

একটি বেসরকারি হাসপাতালে চাকরিরত নিহতের ছোট বোন হাফছা জানান, বিগত ৬ বছর পূর্বে নাসির মাস্টার বাড়ির খাইরুল বশরের ছেলে জাহেদুল ইসলামের সাথে তার বড় বোন মিনহাজ খাতুনের বিয়ে হয়।

তাদের সংসারে ৩ বছর ও দেড় বছর বয়সী দুটি পুত্র সন্তানের জন্ম হয়। এরপরও তার ভগ্নিপতি জাহেদ অন্য নারীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। পরকিয়ায় বাধা দিলে জাহেদ প্রায় সময় তার বোনকে মারধর করতো। গত শুক্রবার রাতে জাহেদ পরকিয়ায় আসক্ত ওই নারীর সাথে কথা বলার সময় তার বোন মিনহাজ ফোন কেড়ে নিয়ে ওই নারীর সাথে কথা বলে।

এ নিয়ে ঝগড়ার জের ধরে গতকাল শনিবার রাতে স্বামী জাহেদ ও পরিবারের অন্যান্য সদস্যরা মিনহাজকে বেধম মারধর করে। রাত ১টার সময় জাহেদ তাকে ফোন করে জানায়, মিনহাজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তোমার পরিবারের সদস্যদের খবর দাও। হাফছা বিশ্বাস না করাতে পরে জাহেদ ভিডিও কল দিলে সে তার বোনকে মেঝেতে পড়ে থাকতে দেখে এবং পরিবারের সকলকে জানায়।

ওইদিন রাতেই মিনহাজের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে আসার পর মিনহাজের শ্বশুর বাড়ির লোকজন ঘটনা কাউকে না বলার জন্য চাপ দেয়, মিনহাজ বাথরুমে পড়ে মারা গেছে বলেও প্রচার করতে বলে এবং একটি আপোষনামাও রেডি করে।

পুলিশ আসার পর সুরতহাল রিপোর্ট তৈরী করার সময় মিনহাজের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত এবং হাত, পা ও গলায় রশি দিয়ে বাধ দেয়ার কালো দাগ দেখা যায়। এব্যাপারে নিহতের পিতা আবুল ফজল বাদি হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন বলে জানান তিনি। ঘটনার পর মিনহাজের শ্বাশুড়ি নাসিমা আকতারসহ অন্যান্যরা পলাতক রয়েছে।

চন্দনাইশ থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, রবিবার সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জাহেদুল ইসলামকে আটক করা হয়েছে।

ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ের করা হলে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার মহাসড়ক ২ ঘন্টা অবরোধ ও ঘাতক বাস ভাঙচুর