দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

রাস্তার পাশ থেকে বাইক উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২১ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমায় সমিতির ঋণের কিস্তি আদায় করতে গিয়ে পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ ব্যক্তির নাম মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল। শনিবার সকালে একটি পাড়ায় যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেননি ওই মাঠ সংগঠক। গতকাল রোববার রাত সাড়ে নয়টা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে সকালে রাস্তার পাশ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রুমা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চাকমা।

আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টরা জানায়, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের দুর্গম আলেচুপাড়ায় সমিতির কিস্তি আদায়ের কথা বলে মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল অফিসের মোটরসাইকেল নিয়ে বের হন। শনিবার অফিস বন্ধ থাকলেও দায়িত্ববোধ থেকে কিস্তির টাকা তুলতে যান। অফিসের হিসাবরক্ষক মো. রবিউল হোসেন বলেন, সকাল সাড়ে নয়টার দিকে তাঁর কাছ থেকে মোটর সাইকেলের চাবি নিয়ে মৃত্যুঞ্জয় আলেচুপাড়ায় যাবার উদ্দেশ্যে বের হন। সন্ধ্যায় তাঁর স্ত্রী খোঁজখবর নিতে এলে মৃত্যুঞ্জয় ফিরে না আসার বিষয়টি তিনি জানতে পেরেছেন। মৃত্যুঞ্জয় প্রায় সময় সমিতি গঠন ও কিস্তি আদায়ের জন্য দুর্গম এলাকায় চলে যান। কোনো সময় এমন সমস্যা হয়নি। এ জন্য ছুটির দিনে অফিসের কেউ তাঁর খোঁজ নেয়নি। নিখোঁজ মৃত্যুঞ্জয়ের বাড়ি খুলনার কয়রা উপজেলার ঝিনুকাঠি আমাদি গ্রামে। তাঁর বাবার নাম বিপন্ন মণ্ডল। বদলি হয়ে আসার পর থেকে নিখোঁজ ব্যক্তি স্ত্রী এবং এক সন্তান নিয়ে রুমা উপজেলায় বসবাস করেন বলে জানিয়েছেন অফিসের সংশ্লিষ্ট কর্মচারীরা। নিখোঁজের স্ত্রী সাগরিকা মন্ডল বলেন, তার স্বামী সাধারণত কখনো রাত করে বাইরে থাকেন না। প্রতিদিন ডিউটি শেষ করে যথাসময়ে বাসায় ফিরে আসেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সর্বশেষ তার সঙ্গে কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, তার স্বামীকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বান্দরবানের উপপরিচালক অহিদুজ্জামান ভূঞা বলেন, ‘মৃত্যুঞ্জয় কুমার মন্ডল সকাল সাড়ে ৯টার দিকে অফিস থেকে বের হয়ে ফিল্ডে যাওয়ার জন্য রওনা দেন। বিষয়টি আমাকে রোববার বেলা এগারোটার দিকে জানালে আমি দ্রুত রুমা অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং থানায় অভিযোগ করার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, একটি নিখোঁজ জিডি করা হয়েছে। নিখোঁজ কর্মীকে উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। রোববার সকালে রাস্তার পাশ থেকে মৃত্যুঞ্জয় কুমার মন্ডলের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে তিনি কোথায় রয়েছেন বা কীভাবে নিখোঁজ হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক