২৮তম জাতীয় ক্রিকেট লিগ (১ম একাদশ এবং ২য় একাদশ) ২০২৬–২৭ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দল গঠনকল্পে অনুশীলন শুরু হয়েছে। সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার অনুশীলন কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩ অক্টোবর থেকে ১ম একাদশ হিসেবে ৮টি বিভাগীয় ক্রিকেট দল নিয়ে প্রতিযোগিতা শুরু হচ্ছে। এতে ৪ দিনের ম্যাচ খেলা হবে। আগামী ৭ অক্টোবর থেকে ২য় একাদশ হিসেবে ৮টি বিভাগীয় ক্রিকেট দল নিয়ে ৩ দিনের ম্যাচের প্রতিযোগিতা শুরু হবে। গতকাল দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দলের অনুশীলনের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ড. মো. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর।
প্রধান অতিথি উপস্থিত খেলোয়াড়দের বলেন, এখনকার তরুণ সমাজ যারা বিপদগামী হচ্ছে আপনাদের দেখে তারা আইডল মানবে, এই আশাবাদ করছি। আপনাদের কাছে অনুরোধ চট্টগ্রামের সম্মান রাখবেন, আপনারা দেশের সম্মান রাখবেন এবং নিজের প্রতি বিশ্বাস রাখবেন যেন নিজেকে প্রমাণ করতে পারেন। তিনি আসন্ন লিগে চট্টগ্রাম বিভাগীয় দলের সাফল্য কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ড. সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, বিসিবি’র নতুন কমিটি আসার পর প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচ ফি অনেক বৃদ্ধি করা হয়েছে। ক্রিকেট বোর্ডের মুল ফোকাস হচ্ছে এনসিএল, এনসিএল সেকেন্ড টায়ার ও নতুন কিছু ইভেন্ট। একজন খেলোয়াড় যদি ক্রিকেট বোর্ডের নিয়মিত ক্যালেন্ডার অনুযায়ী সারা বছর খেলতে পারে তাহলে সে ৩০ থেকে ৪০ লক্ষ টাকা আয় করতে পারবে। তিনি বিসিবির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার হেদায়েত উল্লাহ, উপপরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ চট্টগ্রাম বিভাগ শিহাব উদ্দিন, ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান, কিউরেটর, বিসিবি, জাহিদ রেজা বাবু, সাবেক ক্রিকেটার আবু সামা বিপ্লব, সাবেক জাতীয় ক্রিকেটার এবং হেড কোচ চট্টগ্রাম বিভাগীয় দল (প্রথম একাদশ) নাজিম উদ্দিন, হেড কোচ চট্রগ্রাম বিভাগীয় দল (দ্বিতীয় একাদশ), মমিনুল হক, সাবেক খেলোয়াড় এবং ম্যানেজার চট্টগ্রাম বিভাগীয় দল (প্রথম একাদশ) কাজী কামরুল ইসলাম ও সাবেক খেলোয়াড় এবং ম্যানেজার চট্রগ্রাম বিভাগীয় দল (দ্বিতীয় একাদশ) রায়হান উদ্দিন আরাফাত, মো. মনিরুজ্জামান, ট্রেইনার, চট্টগ্রাম বিভাগীয় দল (১ম একাদশ),ওয়াসিফ অর্নব, ট্রেইনার, চট্টগ্রাম বিভাগীয় দল (২য় একাদশ),রাজ কুমার ঘোষ, ফিল্ডিং কোচ। অনুশীলন উদ্বোধন শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উল্লেখ্য, আসন্ন জাতীয় ক্রিকেট লিগকে সামনে রেখে গত ৩০ আগস্ট থেকে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম দলের খেলোয়াড়দের কন্ডিশনিং ও স্কিল ক্যাম্প শুরু হয়।












