জার্মানির স্যাক্সনি–আনহাল্ট রাজ্যের নির্বাচনে কট্টর ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) দ্রুত এগিয়ে প্রথমস্থানে উঠে এসেছে, বুথফেরত জরিপে এমনটি দেখা গেছে। রোববারের নির্বাচনের মধ্য দিয়ে জার্মানির একটি কট্টরপন্থি দল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রাজ্য পর্যায়ের ক্ষমতার কাছাকাছি পৌঁছে গেল। খবর বিডিনিউজের।
রয়টার্স জানিয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে থাকলেও এএফডি ৪৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে। সমপ্রচারমাধ্যম জেডডিএফের তথ্য অনুযায়ী, নির্বাচনে ৭৭ শতাংশ ভোট পড়েছে। ভোট গণনা চলতে থাকায়, এএফডি সরকার গঠন করতে পারবে কি না, তা এখনও পরিষ্কার হয়নি। এএফডির এই সাফল্য জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎসের রক্ষণশীল জোটকে শোচনীয় পরাজয়ের স্বাদ দিয়েছে। এতে জার্মানির খণ্ডিত হতে থাকা রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাসীন জোটের চরম অজনপ্রিয়তা প্রতিফলিত হয়েছে। জার্মানির জাতীয় পর্যায়ে এএফডি ইতোমধ্যে সবচেয়ে জনপ্রিয় দল হয়ে দাঁড়িয়েছে। তারা তাদের কর্মসূচি এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটি শক্ত অবস্থান গড়ে তোলার চেষ্টা করছে।










