বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শেষ ষোলোতে উঠেছে হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়, মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়, পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়। গতকাল ৭ সেপ্টেম্বর সোমবার দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখে তারা তৃতীয় রাউন্ড নিশ্চিত করে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গতকাল সকালে দিনের প্রথম ম্যাচে হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় ৩–০ গোলে হোসেন আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মো. শফিকুল ইসলাম, মো. নাবিদ হোসেন এবং মো. আবির প্রত্যেকে ১টি করে গোল করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ হালিশহর বেগমজান স্কুলের মো. নাবিদ হোসেনের হাতে পুরস্কার তুলে দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। সকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় ৩–২ গোলে আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে মো. সাকিব ২টি ও সাদিয়ুল আমিন ১টি গোল করেন। এছাড়া বিজিত দলের আরাফাত হোসেন ও রবিউল হাসান ১টি করে গোল করেন। খেলা শেষে মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী স্কুলের মো. সাকিবের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র রিপোর্টার আবু মোশাররফ রাসেল। দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় ম্যাচে পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৫–৪ গোলে দক্ষিণ পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ম্যাচের নির্ধারিত সময় ০–০ গোলে ড্র থাকায় ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচ পাঠানটুলী স্কুলের গোলরক্ষক ইভানের হাতে পুরস্কার তুলে দেন দক্ষিণ পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আজম। বিকালে অনুষ্ঠিত দিনের চতুর্থ ও শেষ ম্যাচে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ১–০ গোলে রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
বিজয়ী দলের গোলদাতা জোবাইর হায়দার। ম্যাচে চলাকালে মাঠে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য রেলওয়ে হাসপাতাল কলোনী স্কুলের ২ জন ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ১ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। খেলার ম্যান অব দ্যা ম্যাচ পতেঙ্গা স্কুলের জোবায়ের হায়দারের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ সেহাব উদ্দিন আলম।












