রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা এবং ১০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ ৪ জন আসামীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর রাতে রাঙ্গুনিয়া মডেল থানাধীন ৫নং পারুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জঙ্গল পারুয়া এলাকায় অভিযান চালিয়ে মো. জুয়েল রানা (৩০) নামের এক ব্যক্তিকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি রাঙ্গুনিয়ার সৈয়দাবাদ এলাকার বাসিন্দা। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে, একই রাতে অন্য আরেকটি অভিযানে স্থানীয়দের সহায়তায় ২নং হোছনাবাদ ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের থেকে ১০০ লিটার চোলাইমদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত অপর ৩ আসামী হলেন রাউজানের দেওয়ানপুরের মো. আবছার উদ্দীন (২৮), বোয়ালখালীর উত্তর কুঞ্জুরীর টিপু সরদার (২৬) এবং রাউজানের নোয়াপাড়ার হৃদয় দাশ (২৮)। তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।










