কক্সবাজারের পেকুয়ায় টিউবওয়েল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলী (৭০) প্রকাশ মুন্সী মিয়া নামে এক বৃদ্ধকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। গত রোববার বিকেল ৫টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের খুইন্যাভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুইন্যাভিটা এলাকার একটি টিউবওয়েল থেকে পানি নেওয়ার পর কলসিতে হাত দেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর পরিবারের সঙ্গে প্রতিবেশীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইউসুফ আলীকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ইউসুফ আলীর স্ত্রী ছেনোয়ারা বেগম অভিযোগ করেন, তার পুত্রবধূ কলি আক্তার পাহাড়ের নিচে অবস্থিত একটি টিউবওয়েল থেকে পানি আনতে গেলে প্রতিবেশী নুরুল কাদেরের মেয়ে ফাহিমা তাকে পানি নিতে বাধা দেন এবং পানিভর্তি কলসিতে হাত দেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। বিষয়টি জানতে পেরে ইউসুফ আলী ঘটনাস্থলে গেলে নুরুল কাদের, তার ছেলে আকাশসহ পরিবারের কয়েকজন সদস্য তার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ছেনোয়ারা বেগম বলেন, প্রথম দফার ঘটনার পর স্থানীয়রা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলে তার স্বামী তাতে সম্মতি দেন। পরে চিকিৎসার জন্য খুইন্যাভিটা স্টেশনের দিকে যাওয়ার সময় মোস্তাকের বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন আবারও তার স্বামীর ওপর হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। এ সময় তাকে মাটিতে ফেলে মারধর করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, হত্যার বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












