বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ণাঢ্য মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সাতকানিয়া উপজেলা বিএনপি, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি, সাতকানিয়া পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে দুপুর ৩টা থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে কেরানিহাটের সি–ওয়ার্ল্ড রেস্টুরেন্টের সামনে জড়ো হন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা একযোগে সি–ওয়ার্ল্ড রেস্টুরেন্টের সামনে থেকে বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলটি খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে কেরানিহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রামজা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপি সাবেক আহবায়ক জামাল হোসেন। এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার–ফেস্টুন হাতে কর্মসূচিতে অংশ নেন। পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সংক্ষিপ্ত সমাবেশে জামাল হোসেন বলেন, “বিএনপি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন–সংগ্রাম করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে।” কর্মসূচিতে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সৌদি আরব জাতীয়তাবাদী ফোরাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌদি আরব জাতীয়তাবাদী ফোরামের (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জসিম উদ্দিন আহমেদ এমপির প্রবাসী রাজনৈতিক সচিব আসিফ খান সবুজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ আলম, সাইফুল ইসলাম কিরন, মোহাম্মদ ইউসুফ গাজী, মোঃ সারোয়ার আহমেদ, ইব্রাহিম মুন্সী, মোহাম্মদ ওসমান, মামুন মিজানসহ আরও অনেক নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আসিফ খান সবুজ বলেন, বাংলাদেশের ইতিহাসে একজন সংসদ সদস্য তাঁর নির্বাচনী এলাকার প্রবাসীদের খোঁজখবর নেওয়া এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্য একজন প্রতিনিধি নিয়োগ করেছেন। এটি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত এবং প্রবাসীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। প্রবাসীরা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের সমস্যা, সুখ–দুঃখ ও প্রত্যাশার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা অত্যন্ত জরুরি।












