হাটহাজারীতে পাহাড় পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়া বন বিভাগের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা লুৎফর রহমান (৫৭) মারা গেছেন। গত সোমবার দিবাগত রাতে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার বেলা আড়াইটার দিকে হাটহাজারী পৌরসভার পশ্চিমের দুর্গম উঁচু পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকালে লুৎফর রহমান হাটহাজারী পৌরসভার পশ্চিম পাহাড়ের ফিল্ড ফায়ার রেঞ্জসংলগ্ন শিলছড়ি এলাকায় পাহাড় পরিদর্শনে যান। দুর্গম উঁচু পাহাড়ে পরিদর্শনের সময় হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি।
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নানের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে তাকে দুর্গম পাহাড় থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, স্ট্রোকজনিত কারণে লুৎফর রহমানের মৃত্যু হয়েছে।











