দেশবরেণ্য সংগীতগুরু ওস্তাদ মিহির লালার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান। সুরেশ্বর সংগীত একাডেমির আয়োজনে গত রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে এ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুরেশ্বর সংগীত একাডেমির পরিচালক ও সংগীতচর্চা–প্রসারে নিবেদিত সংগঠক সতীশ দাশ হিমেলের উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন সম্পন্ন হয়। ওস্তাদ মিহির লালার সংগীতসাধনা ও অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শুদ্ধ সংগীতের চর্চাকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই তিনি এ অনুষ্ঠানের উদ্যোগ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী রিয়াজ ওয়ায়েজ। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন আর্য সঙ্গীত সমিতি অধ্যক্ষ মৃণালিনী চক্রবর্তী। সম্মানিত অতিথি ছিলেন লায়ন শাওন পান্থ, প্রতিষ্ঠাতা ও মহাসচিব, ত্রিতরঙ্গ; লায়ন সুকান্ত বড়ুয়া, চেয়ারম্যান, সৃষ্টি ফাউন্ডেশন এবং কৃষ্ণা দাশ। অনুষ্ঠানে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন দোলন কানুনগো, রিটন কুমার ধর, রণধীর দাশসহ অন্যান্য গুণী শিল্পীরা। তবলা, হারমোনিয়াম ও তানপুরায় সহযোগিতা করেন সজীব বিশ্বাস, সানি দে, অমিত চৌধুরী দীপ্ত, অভিষেক নন্দী ও অন্বেষা দাশ। এছাড়া সুদীপ সেনগুপ্তের পরিচালনায় রেওয়াজ তবলা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের পরিবেশনায় বৃন্দ তবলা লহড়া এবং সতীশ দাশ হিমেলের পরিচালনায় সুরেশ্বর সংগীত একাডেমির শিক্ষার্থীদের সমবেত শাস্ত্রীয় সংগীত বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী প্রবীর পাল। আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী বৃষ্টি বৈদ্য, আহ্বায়ক সেলিম নূর, সদস্য সচিব অনিতা ঘোষ ও অর্থ সচিব গোবিন্দ দাশ অনুষ্ঠানটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।











