প্রাইভেটকারে ১১৮ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে র‌্যাবের ধাওয়া

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর মোমিন রোডের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে প্রাইভেটকার ধাওয়া করে ১১৮ বোতল বিদেশি মদসহ মো. আরিফুল ইসলাম ভূঞা (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় প্রাইভেটকারে থাকা অপর ব্যক্তি পালিয়ে যান। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আরিফুল খাগড়াছড়ির রামগড় থানার সদু কার্বারীপাড়ার মৃত শামছুল হকের ছেলে।

গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেন র‌্যাবএর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্‌ফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নগরীর কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে একটি প্রাইভেটকার ধাওয়া করে আরিফুল ইসলাম ভূঞাকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাড়িতে থাকা অপর ব্যক্তি কৌশলে পালিয়ে যান।

একপর্যায়ে প্রাইভেটকারটি তল্লাশি করে ভেতরে ও পেছনে থাকা আটটি বাদামি রঙের তেলের কার্টনে বিভিন্ন ব্র্যান্ডের স্টিকারযুক্ত ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। গ্রেপ্তার আরিফুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধদুর্গম পাহাড়ে অসুস্থ বন কর্মকর্তা, উদ্ধার করল ফায়ার সার্ভিস