পুলিশের সামনেই নারীকে লাথি-ধাক্কার ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

| সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

রাজবাড়ীর কাপড় বাজারে পুলিশের সামনে এক নারীকে লাথি ও ধাক্কা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার দুপুরে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শাসমুল হক বলেন, শনিবার দুপুরে রাজবাড়ী কাপড় বাজারে এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, এক নারী পুলিশ সদস্য ওই নারীকে হাত ধরে নিয়ে যাচ্ছেন। পেছনে রয়েছেন আরও দুজন পুরুষ পুলিশ সদস্য। এ সময় হঠাৎ এক যুবক ওই নারীকে লাথি দেন। পরে পেছনে থাকা এক পুলিশ সদস্য ওই যুবককে সরিয়ে দেন। এরপর আরেক যুবক ওই নারীকে লাথি দেন। সঙ্গে সঙ্গে আরেক ব্যক্তি তাকে হাত দিয়ে ধাক্কা দেন। পুরো ঘটনাটি পুলিশের উপস্থিতিতেই ঘটতে দেখা যায়। খবর বিডিনিউজের।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের উপস্থিতিতে এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কয়েকজন কাপড় ব্যবসায়ী বলেন, কাদেরিয়া মার্কেটের তৃতীয় তলায় ওই নারীর দোকান রয়েছে। ওই দোকানের এক নারী কর্মচারী নিজে দোকান করার উদ্যোগ নেন। বিষয়টি নিয়ে ওই নারী ব্যবসায়ী নেতাদের কাছে অভিযোগ দেন।

শনিবার ওই নারী একই অভিযোগ নিয়ে কাপড় বাজার ব্যবসায়ী নেতা আব্দুল আজিজ মণ্ডলের কাছে যান। আজিজ মণ্ডল বিষয়টির সুরাহা করতে অপারগতার কথা জানান। এরপর ওই নারী শতাধিক নারীসহ হ্যান্ড মাইক হাতে কাদেরিয়া মার্কেটের নিচতলায় মিছিল করেন। পরিবেশ ক্রমশ উত্তপ্ত হতে থাকলে কাপড় বাজারের ব্যবসায়ীরা ওই নারীর বিচার দাবিতে সব দোকান বন্ধ করে দেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে থানায় যান। দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবার খোলা হয় দোকানপাট। এ বিষয়ে ওই নারী বলেন, তিনি কাপড় বাজারে ১২ বছর ধরে ব্যবসা করেন। তার দোকানে এক বছরের বেশি কোনো কর্মচারী রাখতে পারেন না। নানাভাবে ফুঁসলিয়ে নিয়ে যায় অন্যরা। জুলাই মাসের ১৫ তারিখে তার দোকানের এক কর্মচারী মায়ের অসুস্থতার অজুহাতে চাকরি করবে না বলে জানায়। তিনি তাকে আগস্ট মাস পর্যন্ত কাজ করার অনুরোধ করেন। এই ঘটনার সাক্ষীও আছে। ২২ আগস্ট জানতে পারি, ওই কর্মচারী অন্য দোকানে কাজ করছেন। এটা জানার পর ওই কর্মচারীকে ফোনে জানিয়ে দিই, তোমার দোকানে আসার দরকার নেই। ১০ তারিখে বেতন নিয়ে যেও। তিনি অভিযোগ করেন, এরপর তার দোকানে হামলার ঘটনা ঘটে। হামলাকারী ব্যক্তিরা ওই কর্মচারীকে বেতন দেওয়ার জন্য চাপ দেন। বিষয়টি নিয়ে তিনি কাপড় বাজার ব্যবসায়ী নেতাদের কাছে যান। তাদের বলেন, এ বিষয়ে তিনি মামলা করবেন। কিন্তু ব্যবসায়ী নেতারা বলেন, কোনো মামলা করতে পারবেন না।

তবে ওই নারীর দোকানের যে নারী কর্মচারীকে নিয়ে ঘটনার সূত্রপাত সেই নারী এ ধরনের অভিযোগ অস্বীকার কারছেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শাসমুল হক বলেন, কাপড় বাজারের ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ থাকাবস্থায় নারীকে লাঞ্ছিত করার বিষয়ে তিনি বলেন, আমরা ভিডিওটি এখনও দেখিনি। ভুক্তভোগী নারী এই বিষয়ে অভিযোগ দিলে পুলিশের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে জাল নোট চক্রের দুই সদস্য গ্রেপ্তার