খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি। গতকাল শনিবার আয়োজিত অনুষ্ঠানে ১৪ সদস্য বিশিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে জেলা পরিষদ নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, খাগড়াছড়ি পার্বত্য পরিষদ জেলার গণমানুষের কল্যাণে দল–মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে চাই। পরিষদের দায়িত্ব জনগণের আমানত। জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করবে। জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার বলেন, নতুন পরিষদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় পরিষদের সেবা পৌঁছে দিতে আমরা কাজ করব। মোশাররফ হোসেন বলেন, পাহাড়ের সব সমপ্রদায়ের মানুষের সমঅধিকার ও উন্নয়ন নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য। চেয়ারম্যানসহ সকল সদস্যের সমন্বিত প্রচেষ্টায় খাগড়াছড়িকে আরও এগিয়ে নেওয়া হবে।অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, নবগঠিত জেলা পরিষদ জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











