চন্দনাইশে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার বৈলতলী–সাতবাড়িয়ার সীমান্তবর্তী এলাকার জামতল বাজার থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। পরে স্থানীয়রা খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাতবাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, গতকাল ভোর সাড়ে ৬টার দিকে এক রিকশাচালক ফোন করে জানান–জামতল বাজারের একটি বন্ধ দোকানের সামনে এক ব্যক্তির লাশ পড়ে আছে। তখন আমি ঘটনাস্থলে গিয়ে দেখি লাশের উপর মাছি ভো ভো করছে। লাশের পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তবে মাথায়, গলায়, মুখে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। আমি ঘটনাস্থল থেকে স্থানীয় চৌকিদারের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, লাশের সুরতহাল প্রস্তুত করে মর্গে প্রেরণ করা হয়েছে। পিঙ্গার প্রিন্ট নিয়ে লাশের আইডি কার্ড সংগ্রহের মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করা হবে।











