পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম গ্রামীণ ব্যাংক সড়ক এলাকায় গত বৃস্পতিবার দিবাগত রাতে পৃথক দুই বাড়ি থেকে দুটি সিএনজিচালিত টেক্সি চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে টেক্সি পার্কিংয়ে রেখে ঘুমিয়ে যান দুই চালক মো. ফরিদ ও মো. কাইছার। দুই জনের বাড়ির দূরত্ব প্রায় ১০০ গজ। গতকাল শুক্রবার ভোরে ওই এলাকায় কয়েকজন অপরিচিত ব্যক্তিকে মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধ কোনো চক্র টেক্সি দুটি চুরি করে নিয়ে যেতে পারে। মো. কাইছার জানান, শুক্রবার সকালে গাড়িতে গ্যাস নেওয়ার কথা থাকায় বৃহস্পতিবার রাতে বাড়ির বাইরে টোক্স রেখে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে ঘুম থেকে উঠে দেখেন, গাড়ি নেই। প্রায় এক বছর আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে টেক্সিটি কিনেছিলেন তিনি।
অপর টেক্সিচালক ফরিদ জানান, তিনি বাড়ির উঠানে গাড়ি রেখে ঘুমিয়ে যান। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখেন, তার গাড়ি নেই। তিনি গাড়িটিতে শিকল দিয়ে চারটি তালা লাগিয়ে রেখেছিলেন। চোরের দল শিকলগুলো কেটে গাড়িটি নিয়ে গেছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পটিয়া থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিক উল্লাহ জানান, খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।












