নগরীর কদমতলী কেবিনের সামনে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় এক দুষ্কৃতকারীকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে কদমতলী কেবিনের সামনে ৯ নম্বর লাইনে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন নম্বর ২৬০২ শান্টিং করার সময় কয়েকজন দুষ্কৃতকারী ইঞ্জিন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। খবর পেয়ে কর্তব্যরত আরএনবি সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। সিআই, আরএনবির নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে একজন দুষ্কৃতকারীকে আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এজাহারসহ জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষের ভাষ্য, চলন্ত বা শান্টিংরত ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের ঘটনায় ট্রেনের চালক, রেলকর্মী ও যাত্রীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।












