ব্রিটিশ রাজপরিবারের দায়িত্ব ছেড়ে ২০২০ সালে যখন ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল, তখন তাদের সঙ্গে ছিল রাজকীয় আভিজাত্য। তবে পাঁচ বছরের মাথায় এসে সেই চকচকে আমেরিকান ড্রিম–এর ইতি টেনে ফের চেনা ভিটাতেই ফিরছেন ডিউক ও ডাচেস অব সাসেক্স। খবর বিডিনিউজের।
ক্যালিফোর্নিয়ার গ্ল্যামার দুনিয়ায় অনেক কিছুই তৈরি করা সম্ভব, কিন্তু এই রাজকীয় পরিচয় বানানোর ক্ষমতা হলিউডের কারও ছিল না। মার্কিন বিনোদনজগতে নিজেদের জায়গা স্থায়ী করতে না পারা এবং বড় বড় বাণিজ্যিক চুক্তিতে একের পর এক ধাক্কা খাওয়ার পর সম্পূর্ণ নতুন পরিকল্পনা নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন এই রাজদম্পতি।
হলিউডের সূচনা ও প্রাথমিক উন্মাদনা : আর্থিক স্বাধীনতা, নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার এবং ব্যক্তিগত গোপনীয়তার খোঁজে লস অ্যাঞ্জেলেস শহর থেকে সামান্য দূরের অভিজাত এলাকা মোন্টেসিটোতে থিতু হন তারা। সেখানে ওপ্রাহ উইনফ্রি, গুইনেথ প্যালট্রো এবং রব লো–র মতো বিখ্যাত তারকারা ছিলেন তাদের প্রতিবেশী। মোন্টেসিটোতে আসার পরপরই পডকাস্ট ও নেটফ্লিক্সের সঙ্গে তাদের কোটি কোটি ডলারের চুক্তি সই হতে থাকে। ২০২১ সালে ওপ্রাহর সঙ্গে বহুল আলোচিত সাক্ষাৎকারে মেগান নিজের সিদ্ধান্ত নেওয়ার এই স্বাধীনতাকে মুক্তিকর হিসেবে বর্ণনা করেছিলেন। হ্যারি পরে জানান, আমেরিকা তার পরিবারকে এমন এক স্বাধীনতা ও গোপনীয়তা দিয়েছিল যা যুক্তরাজ্যে পাওয়া অসম্ভব ছিল এবং এটিই ছিল সেই জীবন, যা তার মা রাজকুমারী ডায়ানা তার জন্য চেয়েছিলেন।











