চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তানহা মণি (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীসহ দুই শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনা এলাকায় বালুভর্তি ট্রাকের চাপায় তানহা মণি এবং এর আগের দিন শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অপর শিশুটি নিহত হয়।
নিহত তানহা মণি কাহারিয়া ঘোনা এলাকার মাওলানা জাফর আলম হামিদীর মেয়ে। সে স্থানীয় মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। অপর নিহত শিশুটির পরিচয় গতকাল দুপুর পর্যন্ত শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ১০ বছর বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কাহারিয়া ঘোনা এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় টমটম থেকে ছিটকে পড়ে তানহা মণি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, কাহারিয়া ঘোনায় ট্রাকের চাপায় নিহত তানহার লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক শামসুজ্জামান জানান, শুক্রবার দিবাগত রাতে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আনুমানিক ১০ বছর বয়সী এক পথচারী শিশু নিহত হয়। তার পরিচয় শনাক্ত করা যায়নি।












