তারুণ্যের উচ্ছ্বাস পরিচালিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ছোটদের বিভাগের ৩৩তম আবর্তনের বর্ষ সমাপনী ও সমাবর্তন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে বর্ষ সমাপনী সনদ তুলে দেওয়া হয়। এতে অতিথি ছিলেন অপর্ণাচরণ সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, উদ্যোক্তা ও সংগঠক রওশন আরা এবং নাট্যজন সজল চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, তারুণ্যের উচ্ছ্বাসের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তলাপাত্র। কারিশমা কবির ঐশীর সঞ্চালনায় আয়োজনের কথামালায় অতিথিরা শিশু–কিশোরদের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি জাতির সাংস্কৃতিক পরিচয় ও ভাষার সৌন্দর্য রক্ষায় নতুন প্রজন্মকে ছোটবেলা থেকেই শুদ্ধ ভাষা ও সংস্কৃতিচর্চার সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। আবৃত্তি শুধু কবিতা উপস্থাপনের শিল্প নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস, মনন, শ্রবণশক্তি, স্মৃতিশক্তি ও সুন্দরভাবে নিজেকে প্রকাশ করার সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রেস বিজ্ঞপ্তি।












