শিক্ষার গুণগত মানোন্নয়নে আদর্শ শিক্ষকের বিকল্প নেই

৬নং ওয়ার্ডে মতবিনিময় সভায় এরশাদ উল্লাহ

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

নগরীর ৬নং ওয়ার্ডের বাকলিয়া উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, আবদুল হামিদ উচ্চ বিদ্যালয় ও মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক–কর্মচারীদের নিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গত মঙ্গলবার নগরীর বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত ২৬ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহ।

বাকলিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল আলম রাজুর সভাপতিত্বে ও বরুণ কুমার চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তাহের, অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্য জাফর আহমদ, মো. জাকের হোসেন, সৈয়দ আহমদ সিকদার, মো. রবিউল হাসান চৌধুরী, মো. শাহাদাত হোসেনসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, শিক্ষার মানোন্নয়নে আদর্শ শিক্ষকের বিকল্প নেই, শিক্ষকরাই জাতি গড়ার কারিগর আর শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করতে প্রয়োজন একদল মেধাবী শিক্ষক ও চৌকশ পরিচালনা কমিটি।

সভাপতির বক্তব্যে মো. নুরুল আলম রাজু বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনই নয় পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধআলোর দিশার মোটিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত