চবি পাঁচটি ছাত্রী হলের সেমিনার সমৃদ্ধকরণ এবং নারী শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ছাত্রী কল্যাণ বিভাগের উদ্যোগে চাকরির প্রস্তুতিমূলক বই প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার শামসুন্নাহার হলের টিভি রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঁচটি ছাত্রী হলের সেমিনারের জন্য বিভিন্ন চাকরির প্রস্তুতিমূলক বই প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল–ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর সহ–ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা। নারী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় চাকরির প্রস্তুতিমূলক বই সহজলভ্য করা এবং ছাত্রী হলগুলোর সেমিনারকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপাচার্য বলেন, আমরা চাকসুকে কখনো আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবি না। বর্তমান প্রশাসন চাকসুকে সর্বদা তার সহযোগী হিসেবে দেখেছে। আমাদের উদ্দেশ্য একটাই, আর তা হচ্ছে ছাত্র–ছাত্রীদের সুযোগ–সুবিধা বৃদ্ধি করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত পাঁচ মাসে যত উন্নয়ন হয়েছে, এ ধরনের উন্নয়ন আর কখনো হয়নি। উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বলেন, নারী শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আরও উৎসাহী হতে হবে। সে লক্ষ্যে চাকসুর উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয়। চাকসুর সহ–ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, নারী শিক্ষার্থীদের প্রয়োজন ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।











