পে-স্কেল নিয়ে আরও পর্যালোচনা প্রয়োজন, বাস্তবায়ন এ বছরেই : অর্থমন্ত্রী

| মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ৯:৩৯ পূর্বাহ্ণ

সরকারি চাকুরেদের নতুন বেতন কাঠামো আরও পর্যালোচনা করা দরকার জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ কাঠামো এ বছরই বাস্তবায়ন হবে।

তার কথায়, পে কমিশনের অনেকগুলো দিক আছে তো, আমরা সবগুলো বিবেচনা করছি। আজকে অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে এবং আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় পরে আমরা আবার বসব। যখন ফাইনাল হবে, তখন আপনাদের সামনে উপস্থাপন করব। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত যখন আসবে, তখন আপনাদের সাথে তুলে ধরব। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ে বিচারকদের পেস্কেল পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।

এক সাংবাদিক জানতে চান, নতুন পেস্কেল চলতি বছরেই বাস্তবায়নের সম্ভাবনা আছে কি না। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু বলেন, সময়মতো হবে। অবশ্যই হবে। এবছরের মধ্যেই হবে। সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে। এদিনের বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আজকে একটা দিক নিয়ে আলোচনা হয়েছে, আরও দিক আছে। যখন পূর্ণাঙ্গ হবে, তখন আপনাদের সামনে উপস্থাপন হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ
পরবর্তী নিবন্ধনগরে বিআরটিসির মহিলা বাস সার্ভিস চালু হচ্ছে আজ থেকে