চট্টগ্রাম বন্দরের দুই কন্টেনার টার্মিনাল এনসিটি ও সিসিটিকে ইজারা দেওয়ার আগে দেশের কৌশলগত ও জাতীয় স্বার্থ বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে এক সম্মেলন থেকে। গতকাল রোববার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি আয়োজিত ‘নাগরিক কনভেনশন’ থেকে এ আহ্বান জানানো হয়। কনভেনশনে বন্দর ও জাতীয় সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক এম আবু সাঈদ বলেন, চট্টগ্রাম বন্দর শুধু চট্টগ্রামের নয়, দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এটি দেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তিনি বলেন, ‘বন্দরের টার্মিনাল কোনো দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার আগে এর অর্থনৈতিক, কৌশলগত ও জাতীয় স্বার্থের বিষয়টি বিবেচনা করতে হবে।’ খবর বিডিনিউজের।
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। বন্দরের সক্ষমতা ও আয় বাড়ানোর পরিবর্তে কোনো ধরনের অনুকূল শর্তে বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে গুরুত্বপূর্ণ টার্মিনাল তুলে দেওয়া হলে তা জাতীয় স্বার্থের জন্য প্রশ্ন তৈরি করবে। এ বিষয়ে জনগণকে সচেতন ও সোচ্চার হওয়ার ও আহ্বান জানান তিনি। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল (সিসিটি) দেশি বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়ার দাবিতে আরও কার্যকর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ নাগরিক কনভেনশনের আয়োজন করা হয়।
বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, বন্দরের গুরুত্বপূর্ণ দুই টার্মিনাল বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। বন্দর রক্ষা কমিটি জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করবে।
কনভেনশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, বাংলাদেশ কলেজ–বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু।
কনভেনশন থেকে আগামী ১৭ থেকে ৩০ অগাস্ট পর্যন্ত বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। এছাড়া ৩১ আগস্ট নগরীর বারিক বিল্ডিং মোড় থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেওয়া হয়।












