রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ও সাজেক ইউনিয়নে পানিতে ডুবে অনুষ্কা চাকমা (৫) ও আন্দারা চাকমা (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে খেদারমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুজিত বিকাশ চাকমার মেয়ে অনুষ্কা বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তার বাবা শিশুটিকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সাজেক ইউনিয়নের দুর্গম ভূয়াছড়ি এলাকায় কাচালং নদীতে গোসল করতে নেমে ডুবে কান্দারা চাকমা (১২) নামে এক শিশু মারা যায়। মৃত কান্দারা চাকমার বাবা লক্ষ্মীরঞ্জন চাকমা জানান, তার ছেলে গত মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। ৩ দিন পর শুক্রবার দুপুরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্টু চাকমা জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানবশত পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ঘটনার খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান তাৎক্ষণিকভাবে শোকসন্তপ্ত সুজিত বিকাশ চাকমার বাড়িতে ছুটে যান। তিনি নিহত শিশুর পরিবারকে সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।












