কক্সবাজারের টেকনাফে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরিফ উল্লাহর (১৪) মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকায় জোয়ারের পানিতে মরদেহটি ভেসে এলে সেটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি আরিফের বলে শনাক্ত করেন। নিহত আরিফ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার আমান উল্লাহর ছেলে এবং আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসার ৩৫ শিক্ষার্থীর একটি দল মহেশখালীয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে যায়। সেখানে কয়েকজন ফুটবল খেলছিল, আর অন্যরা সাগরে গোসল করছিল। গোসলের সময় বড় একটি ঢেউয়ের ধাক্কায় আরিফ সাগরে তলিয়ে যায়। এ সময় সহপাঠী সাঈদী তার হাত ধরে উদ্ধারের চেষ্টা করলেও প্রবল স্রোতের কারণে তাকে ধরে রাখা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই স্রোতের টানে আরিফ ভেসে যায়। পরে সহপাঠী, স্বজন ও স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। বৃহস্পতিবার দিনভর খোঁজ চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। গতকাল শুক্রবার সকালে কচ্ছপিয়া নৌঘাট এলাকায় জোয়ারের পানিতে একটি মরদেহ ভেসে আসার খবর পেয়ে স্বজনরা সেখানে যান। পরে মরদেহটি আরিফ উল্লাহর বলে শনাক্ত করা হয়। এই ঘটনায় টেকনাফ মডেল থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।











