দুই সপ্তাহের ব্যবধানে চুয়েটের পুকুরে ঝরলো আরও দুই প্রাণ

চুয়েট প্রতিনিধি | বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ৪:২৫ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। আজ বুধবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থীর একজন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের চমক দত্ত এবং অপরজন একই বর্ষের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব। তারা দুইজনই সিলেটের মৌলভীবাজার জেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার আনুমানিক দুপুর ১টার দিকে শান্ত ও চমক বন্ধুদের সাথে কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। ১টা ২০ এর দিকে তারা পানিতে তলিয়ে যান। এটি অন্যদের নজরে এলে তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পুকুরে নেমে পড়েন। প্রায় ১০ মিনিট পর চমককে উদ্ধার করতে পারলেও অপর শিক্ষার্থীকে উদ্ধার করতে লেগে যায় প্রায় ৪০ মিনিট।

উদ্ধার পরবর্তী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাদের দ্রুত চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই সপ্তাহ আগে, ২৮ জুলাই একই পুকুরে ডুবে মারা যান যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা। সে ঘটনার রেষ কাটতে না কাটতেই আবারও দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয় এ।

এদিকে, একের পর এক পুকুরে ডুবে মৃত্যুর ঘটনায় দুর্ঘটনা এড়াতে পুকুরটি সেচে ফেলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি পুকুরটি বাঁশ দিয়ে ঘিরে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, নিহত দুই শিক্ষার্থীর বাড়িতে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুটি বাসের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। এসব বাসে নিহতদের সহপাঠীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও যেতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধইরানের ভয়ে গোপন ফ্লাইটে তুরস্ক ছেড়েছিলেন ট্রাম্প : প্রতিবেদন
পরবর্তী নিবন্ধ‘আনোয়ারায় ব্যবসা করতে হলে ৫০% চাঁদা দিতে হবে’