বাঁশখালীতে প্রবাসী ছেলের মারধরে আহত পিতার মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে ছেলের মারধরে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। নিহত মো. শাহাজাহান (৫৫) কালীপুর নিদা গাজী পাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত ছেলে শওকত প্রবাসী। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শাহাজাহান মৃত্যুবরণ করেন। জানা যায়, গত সোমবার রাতে পারিবারিক কলহের জের ধরে ক্ষুদ্ধ হয়ে প্রবাসী ছেলে মো. শওকত তার পিতা মো. শাহাজাহানকে আঘাত করেন। মাথায় গুরুতর জখম হয়ে তিনি পড়ে যান। তাকে প্রথমে গুনাগরীতে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ছেলে শওকত নিজেই বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, প্রবাসী শওকত পরিবারকে না জানিয়ে পাশের গ্রামের একটি মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছিলেন। যা নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল।

কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, বাবাছেলের বাগবিতণ্ডা থেকেই এই ঘটনার সূত্রপাত। বহুদিন ধরে চলা এই পারিবারিক কোন্দলকে আশপাশের লোকজন সাধারণ ঘটনা ভেবে গুরুত্ব দেননি, যার ফলশ্রুতিতে আজকে মুত্যুর মত এমন দুর্ঘটনা ঘটে যায়।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, মামেয়ে ও বাবাছেলের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হওয়া মো. শাহাজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। অভিযুক্ত শওকতকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধচার দারোয়ান পাহারায়, তবু ১০-১২ দোকানে চুরি
পরবর্তী নিবন্ধঅধিগ্রহণের অর্থ আত্মসাৎ মামলা, অবসরপ্রাপ্ত সার্ভেয়ার কারাগারে