কর্ণফুলীর বস্তাবন্দী লাশটি জান্নাতুলের

হত্যা মামলা করেছে পরিবার

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীর পিডিবি ঘাটসংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা নারীর পরিচয় মিলেছে। নিহতের নাম জান্নাতুল ফেরদৌস (২৮)। জুতা, কানের দুল, পোশাক ও চেহারা দেখে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। গতকাল সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ।

নিহত জান্নাতুল ফেরদৌসের বাবার নাম নুরুল ইসলাম। বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় তাদের বাড়ি। তবে তিনি নগরীর চান্দগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে একটি জুতার কারখানায় চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ ও তার পরিবার।

পুলিশ জানায়, গত ১ আগস্ট পিডিবি ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীর তীর থেকে বস্তাবন্দী অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে পরিচয় শনাক্তের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিহতের তথ্য প্রচার করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যরা সদরঘাট নৌ থানায় এসে জুতা, কানের দুল, পোশাক ও চেহারা দেখে লাশটি জান্নাতুল ফেরদৌসের বলে শনাক্ত করেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জুতার কারখানায় চাকরির সুবাদে পরিবারের অমতে দ্বিতীয় বিয়ে করেছিলেন জান্নাতুল। বিষয়টি পরিবার জানতে পারলেও তারা এ বিয়ে মেনে নেয়নি। এদিকে দ্বিতীয় স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার ঝগড়াবিবাদ চলছিল বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।

সদরঘাট নৌ থানার ওসি আবদুর রউফ বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিদের গ্রেপ্তারের পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে নির্মাণাধীন কারখানা থেকে মালামাল লুটের ঘটনায় গ্রেপ্তার ৭
পরবর্তী নিবন্ধস্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত : পোস্টার বাদ, বিলবোর্ডে সীমা