আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, আনোয়ারায় বিএনপি নেতার মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ৩:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল হোসেন (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।

শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন ওই গ্রামের আলী আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে জামাল হোসেনের চাচাতো ভাই মো. মুজিবের টিনশেড বসতঘরে আগুন লাগে। আগুন নেভানোর একপর্যায়ে আইপিএসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বারখাইন ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার সময় আইপিএসের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে জামাল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধন্যাটো জোটের ঐক্য পরীক্ষা করতে সীমিত হামলার ছক পুতিনের