রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাশাপাশি সেখান থেকে পেট্রোলিয়াম পণ্য আমদানিকারক চীন, ভারতের মতো দেশগুলোকে শাস্তি দেওয়ার লক্ষ্যে একটি বিল অনুমোদন করেছে মার্কিন সেনেট। যুক্তরাষ্ট্রের দাবি, এ ধরনের বাণিজ্য ইউক্রেন যুদ্ধে অর্থ জোগাতে সহায়তা করছে। খবর বিডিনিউজের।
লিন্ডসে ও গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬ নামের বিলটি ৮৬–১১ ভোটে সেনেটে পাস হয়েছে। পিটিআই লিখেছে, বিলটি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে রাশিয়ার তেল ও গ্যাসের শীর্ষ পাঁচ আমদানিকারক দেশের পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দেবে। বর্তমানে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানির শীর্ষ পাঁচ দেশ হল চীন, ভারত, আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়া। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাশাপাশি বিলটিতে ১৯৯৬ সালের ইরান নিষেধাজ্ঞা আইনের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। এই আইনের আওতায় ইরানের জ্বালানি খাতে বিনিয়োগকারী কোম্পানিগুলোকে শাস্তি দেওয়া হয়।
দলীয় বিভাজনের উর্ধ্বে থাকা এ বিলের অন্যতম উদ্যোক্তা ছিলেন গত ১১ জুলাই মারা যাওয়া রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট রিচার্ড ব্লুমেনথাল। পিটিআই লিখেছে, কিয়েভ সফরের পর গ্রাহামের আকস্মিক মৃত্যুর পর বিলটি পাস করতে এবং ইউক্রেনের মিত্র হিসেবে প্রয়াত সেনেটরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দুই দলের নেতারা নতুন করে জোরালো উদ্যোগ নেন। গ্রাহামের মৃত্যুর পর তার আসনে নিয়োগ পাওয়া বোন ডারলাইন গ্রাহাম বলেন, এই বিল রাশিয়ার অর্থনীতিকে সচল রাখা প্রধান দেশগুলোকে একটি সহজ, কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করছে আমেরিকার সঙ্গে ব্যবসা করা নাকি সস্তা রাশিয়ার জ্বালানি কেনা। বিলটিতে রাশিয়ার নেতা ও কর্মকর্তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।











