প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ২০২৬ ব্যাচের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান চট্টগ্রামের রেডিসন ব্লু’র মেজবান হলে গত ৩০ জুলাই অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ও প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। প্রধান অতিথি গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, আজকের এই সাফল্য শিক্ষার্থীদের দীর্ঘ সাধনা এবং শিক্ষক–অভিভাবকদের অবিচল ত্যাগের সম্মিলিত ফসল। অনুষ্ঠানে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষাবান্ধব পরিবেশ শিক্ষার্থীদের মধ্যে কেবল প্রাতিষ্ঠানিক জ্ঞানই নয়, বরং সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা ও সহনশীলতার বিকাশ ঘটিয়েছে। শিক্ষার মাধ্যমে বৈশ্বিক সংযোগ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমান প্রজন্মের তরুণদের অর্জিত জ্ঞান ও মূল্যবোধ প্রয়োগ করে মানবতার কল্যাণে কাজ করতে হবে এবং প্রকৃত বিশ্বনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনী ইয়াসমিন।গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মোহম্মদ নসরুল্লাহ বাহাদুর, সিনিয়র স্কুল উপাধ্যক্ষ, জনাব ই. ইউ. এম. ইনতেখাব, মিডল স্কুল উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন, অভিভাবক প্রতিনিধি ডা. রুম্মানা খায়ের প্রমুখ। গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্কুল হেড–গার্ল কিশোয়ার আশরাফী খান, হেড–বয় ফাহমিদ মোহতাসিম চৌধুরী, শেহরুজ ইসলাম খান এবং হুসাইন মোহাম্মদ সাদি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক–শিক্ষিকা ও অভিভাবকমন্ডলী। গ্র্যাজুয়েটদের সনদ প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।












