ভারতীয় নাগরিকের কাছ থেকে ৮২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

শাহ আমানত বিমানবন্দর আন্ডারওয়্যারের ভেতর পেস্ট আকারে লুকানো ছিল ৯ স্বর্ণের টুকরা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৬:২৫ পূর্বাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক ভারতীয় নাগরিকের কাছ থেকে প্রায় ৮২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণগুলো জব্দ করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার জি৯৫২৬ ফ্লাইটের যাত্রী, ভারতীয় নাগরিক তামিম আনসারী কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করে যাচ্ছিলেন। এ সময় বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ডিজিএফআইয়ের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি দল তাকে চ্যালেঞ্জ করে। তার শরীরে তল্লাশি করে আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে পেস্ট আকারে লুকিয়ে রাখা ৯টি স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা।

আটক ব্যক্তি তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা তামিম আনসারী। তার ভারতীয় পাসপোর্ট নম্বর জেডএ ৮০৬২৮৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে একজন কাপড় ব্যবসায়ী বলে পরিচয় দেন এবং এই রুটে নিয়মিত যাতায়াত করেন বলে জানিয়েছেন। বিমানবন্দর সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বিমানবন্দর কর্তৃপক্ষের (বেবিচক) সমন্বিত নজরদারি অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচক্ষু হাসপাতাল ও ইমপেরিয়াল হাসপাতালের নিয়ন্ত্রণ পেতে ডা. রবিউলের দুই পুত্রের লড়াই
পরবর্তী নিবন্ধপ্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে