পাকিস্তানের উত্তরাঞ্চলে পর্বতারোহণ অভিযানের সময় তুষারধসে খ্যাতিমান নেপালি পর্বতারোহী নির্মল পূর্জাসহ ১০ জন নিখোঁজ হয়েছেন। দেশটির আলপাইন ক্লাব গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। আলপাইন ক্লাব অব পাকিস্তান (এসিপি) বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে জানায়, কারাকোরাম পর্বতমালার ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে আরোহীদের একটি দলের ওপর তুষারধস নেমেছে। খবর বাসসের। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ক্লাবটি জানায়, নির্মল পূর্জার নেতৃত্বাধীন দলের সঙ্গে দুর্ঘটনার পর থেকে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযানকারী দলে মোট ১০ জন রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন নেপালি, একজন পাকিস্তানি, একজন ওমানি, একজন মার্কিন, একজন চীনা পর্বতারোহী এবং আরেকজন বিদেশি নাগরিক। ক্লাবটি আরও জানায়, তুষারধসের পর থেকে পুরো দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ৪৩ বছর বয়সী নির্মল পূর্জা ব্রিটিশ সেনাবাহিনীর ব্রিগেড অব গুর্খাসে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি রয়্যাল মেরিনসের স্পেশাল বোট স্কোয়াড্রনে যোগ দেন। পূর্ণকালীন পর্বতারোহী ও ট্যুর গাইড হওয়ার পর তিনি একাধিক পর্বতারোহণের রেকর্ড গড়েছেন।












