ফটিকছড়ি উপজেলায় জায়গা–জমি সংক্রান্ত বিরোধের জেরে ‘বড় বোনের ধাক্কায়’ রফিক প্রকাশ মনা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ইদিলপুর মিয়াজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত বোন রাজু বেগমকে গ্রেপ্তার করেছে। নিহত রফিকের দুই স্ত্রী। তার এক স্ত্রী এ ঘটনায় রাজু বেগম ও অপর স্ত্রীর এক ছেলের নামে হত্যা মামলা দায়ের করেন।
জানা যায়, নিহত রফিক ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। রফিক ও তার বোন একই বাড়িতে বসবাস করতেন। ভিটেমাটি ও জায়গা–জমি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার রাতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভাই–বোনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘর থেকে চিৎকারের শব্দ শুনে পাশের ঘরের ভাড়াটিয়ারা এগিয়ে গিয়ে দরজার পাশে রফিককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বজনদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় নিহতের বড় বোনকে। পরে এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।
নিহতের প্রতিবেশী বানু মিয়া জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। ঘটনার রাতে সেই বিরোধকে কেন্দ্র করেই উত্তেজনার সৃষ্টি হয়। পরে রফিককে আহত অবস্থায় পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ভাই–বোনের জায়গা–জমি নিয়ে কথা কাটাকাটির জের ধরে বোন ভাইকে ধাক্কা দিলে ভাই পড়ে গিয়ে মারাত্মক জখম হন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ সম্পূর্ণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










