জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে অংশ নিয়ে গুরুতর আহত হওয়া এক শিক্ষার্থীকে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক শিক্ষা সহায়তা প্রদান করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন (এমপি)। আজ ৩১ জুলাই (শুক্রবার) সরাসরি এই সহায়তা প্রেরণ করা হয়।
জানা গেছে, আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের পক্ষে অংশ নিয়ে গুরুতর আঘাত পাওয়ার পর থেকে ওই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে শারীরিক নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। চিকিৎসার আনুষঙ্গিক খরচের পাশাপাশি নিয়মিত পড়াশোনার ব্যয়ভার চালানো তাঁর ও তাঁর পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছিল। পরবর্তীতে বিষয়টি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সরাসরি নজরে আনা হলে তিনি দ্রুত পদক্ষেপ নেন। তিনি ওই শিক্ষার্থীর ভবিষ্যৎ পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে নেওয়ার পূর্ণ আশ্বাস দেন এবং তাৎক্ষণিকভাবে এই জরুরি আর্থিক অনুদান প্রদান করেন।
নাম না প্রকাশের শর্তে ভুক্তভোগী জুলাইযোদ্ধা শিক্ষার্থী জানান, “আন্দোলনে আহত হওয়ার পর থেকে পড়াশোনা চালানো আমার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। প্রতিমন্ত্রী মহোদয়ের এই সময়োচিত সহায়তা আমার শিক্ষা জীবন রক্ষায় অত্যন্ত বড় ভূমিকা রাখবে।” সহায়তার জন্য তিনি প্রতিমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএইচ












