মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, তার দেশ থেকে পাঁচ হাজার রোহিঙ্গা অভিবাসন প্রত্যাশীকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। সম্প্রতি মালয়েশিয়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের উত্তেজনা চলছে। খবর বিডিনিউজের।
বুধবার নেগেরি সেম্বিলান রাজ্যে আসন্ন আঞ্চলিক নির্বাচন উপলক্ষ্যে যোগ দেওয়া এক প্রচারণা সমাবেশে আনোয়ার বলেন, মিয়ানমারের সঙ্গে সুসম্পর্কের কারণে দেশ দুটি বিষয়টি নিয়ে আলোচনা করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে। তারা এখন মালয়েশিয়া থেকে ৫০০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। নিপীড়নের মুখে বৌদ্ধ প্রধান মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম প্রতিবেশি দেশগুলোতে পালিয়ে গেছে। তাদের অধিকাংশ প্রতিবেশী বাংলাদেশে থাকলেও মালয়েশিয়াকে দীর্ঘদিন ধরেই নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচনা করে আসছে তারা । জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ফেব্রুয়ারির শেষ দিক পর্যন্ত মালয়েশিয়ায় প্রায় এক লাখ ২৬ হাজার রোহিঙ্গাকে নিবন্ধিত করেছে। দশকের পর দশক ধরে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রত্যাখ্যান করে আসছে মিয়ানমার। এতে রোহিঙ্গারা বিশ্বের নেতৃস্থানীয় রাষ্ট্রহীন জনগোষ্ঠী হয়ে দাঁড়িয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহিত সাগরে হুতিদের হামলা ঠেকাতে আন্তর্জাতিক জোট গড়তে চায় সৌদি আরব
পরবর্তী নিবন্ধইউরোপের দাবানলে নতুন আতঙ্ক ফায়ার ক্লাউড