রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধের জেরে গুলিতে মোহাম্মদ জুবায়ের (৩৪) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে উখিয়ার ৮ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার সক্রিয় সদস্য ছিলেন। তিনি ৮ওয়েস্ট ক্যাম্পের এইচ/২৯ ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোররাতে জুবায়ের ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে যাওয়ার সময় প্রতিবেশী ইব্রাহিমের ঘরের সামনে একদল অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। সন্ত্রাসীরা আনুমানিক ৫ রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ জুবায়েরকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা এবং আরএসও সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের মধ্যে চলমান দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে ক্যাম্পে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধসাদেকা হালিমসহ ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত
পরবর্তী নিবন্ধকাজীর দেউড়ি এসএ পরিবহনের গাড়ি পার্কিং থেকে ২২ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ