দেশে প্রায় ৩ হাজার রিক্রুটিং এজেন্সির অধিকাংশই অনিয়মে জড়িত : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

বিদেশে কর্মী পাঠাতে দেশে যে ৩ হাজারের মতো নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি রয়েছে, সেগুলোর অধিকাংশই ‘অনিয়মে জড়িত’ বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি বলেন, সঠিকভাবে নিয়ম মানলে চারপাঁচশর বেশি লাইসেন্স টিকবে না। ভুয়া ও অনিয়মে জড়িত রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলসহ অভিবাসন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কঠোর অবস্থান নেবে। পাশাপাশি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পেতে কোনো ধরনের ঘুষ বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও প্রতিমন্ত্রী হুঁশিয়ার করে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের (ওইপি) আওতায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা মডিউলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। প্রতারণার চক্র হিসেবে যারা কাজ করছেন তাদের ‘ভালো হয়ে যাওয়ার’ আহ্বান জানিয়েছেন নুরুল হক। খবর বিডিনিউজের।

তিনি বলেন, প্রত্যেককে ডিবি পুলিশসহ বিভিন্ন এজেন্সি নজরদারি করছে। রেহাই পাওয়ার সুযোগ নাই। সুতরাং আপনারা যদি এখনও এগুলো বন্ধ না করেন তাহলে আপনাদের কপালে শনির দশা আছে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার ‘প্রসেস’ নিয়ে আমাদের আলোচনা চলছে যে কী প্রক্রিয়ায় এখানে লোক পাঠানো হবে। বিগত দিনের বিতর্কিত প্রক্রিয়া এড়িয়ে আমরা একটা স্বচ্ছ প্রক্রিয়ায় কম খরচে আমাদের বাংলাদেশিদের যাতায়াতের একটা পথ তৈরি করতে চাই। তার আগে দেখছি যে টাকা নেওয়ার জন্য লাইন দেওয়া, সিরিয়াল করা, এগুলো বিজ্ঞাপন চলছে। এটা তো স্পষ্টত অভিবাসী আইনের বিরুদ্ধে। কারণ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিজ্ঞাপন দেওয়ার সুযোগ নেই।

পূর্ববর্তী নিবন্ধট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, ছিটকে আহত দুই বাইক আরোহী
পরবর্তী নিবন্ধক্ষতিগ্রস্তদের বিস্তারিত তথ্য সংগ্রহ করলেন জেলা প্রশাসক